পাকিস্তানকে হারানোর পর ভারতকেও কি হারাবে বাংলাদেশ? ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ




বাংলাদেশের ক্রিকেটারেরা বলছেন, পাকিস্তানকে হারানোর পরে আত্মবিশ্বাস অনেক বেড়েছে তাঁদের। সেই আত্মবিশ্বাস ভারতের বিরুদ্ধে কাজে লাগবে। এ বার ভারতকেও হারাতে চান তাঁরা। কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারবে না বলেই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার প্রধান কারণ, পাকিস্তান ও ভারতের ক্রিকেটের মান। ভারত-বাংলাদেশ সিরিজ় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সৌরভ।

সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ জানিয়েছেন, পাকিস্তান দলকে দেখে চিনতে পারছেন না তিনি। বাবর আজ়মদের খেলা দেখে তিনি হতাশ। তাঁদের ক্রিকেটের মান অনেক নীচে নেমে গিয়েছে বলেই মনে হচ্ছে তাঁর। সৌরভ বলেন, “আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সইদ আনোয়ার, মহম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না। প্রত্যেক প্রজন্মে ভাল ক্রিকেটার দরকার। কিন্তু ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পর বাংলাদেশের বিরুদ্ধে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত যে ক্রিকেটার উঠে আসছে না। ওদের এই দিকে নজর দেওয়া উচিত।”

পাকিস্তানকে হারালেও ভারতে এসে বাংলাদেশ সিরিজ় জিততে পারবে না বলেই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেন, “পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ় জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনও আশা দেখছি না। ভারতই সিরিজ় জিতবে।”